নেত্রকোনার কেন্দুয়ায় পাটকুড়া নদীতে বাঁধ দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলা বেজগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে রোকেয়া (৪৫), মান্নারুল (২৮), মিনা আক্তার (৪২), মাজহারুল (৩০), আশিক, আহম্মদ (২৬), মনিরুল (২৭), মঞ্জিল (৩২), ইঞ্জিল (২৭), জুয়েল (১৬) ও দুলাল মিয়াকে (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, বেজগাঁও গ্রামের সবুজ মিয়া ও হায়দার মেম্বারের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে নদীতে মাছ ধরার জন্য নির্মিত বাঁধকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
এ বিরোধ মীমাংসার জন্য সকালে ওই গ্রামে সালিশের আয়োজন করা হয়। এসময় হায়দার মেম্বারের লোকজনের ওপর একই গ্রামের সবুজ মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দু’পক্ষের প্রায় ৩০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





