১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাংসদ বজলুল হক হারুন (বি এইচ হারুন) কে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (মঙ্গলবার) দুদকের পক্ষ থেকে পাঠানো একটি চিঠিতে তাকে তলব করা হয়। দুদকের উপ-পরিচালক সামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বি এইচ হারুন ঝালকাঠি-১ আসনের সাংসদ, ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।  

আগামী ১১ এপ্রিল সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে হাজির হয়ে বক্তব্য উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করেছে দুদক।

বি এইচ হারুনের  বিরুদ্ধে অভিযোগের বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে গ্রাহকের নামে অতিরিক্ত চেক বই দেখিয়ে জাল স্বাক্ষরের মাধ্যমে ১৩৪ কোটি টাকা আত্মাসাত করেন তিনি।

ওই টাকা দিয়ে ঢাকা ব্যাংক’সহ অন্যান্য ব্যাংকের দেনা পরিশোধ করা হয়। প্রিমিয়ার ব্যাংকের শেয়ার ক্রয়’সহ অভিজাত এলাকায় বহুতল ভবন নির্মাণ ও গাড়ি ক্রয় করেন হারুন। এ ঘটনায় সামছুল আলম ও মো. গুলশান আনোয়ার প্রধানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

এমবি