দৌলতদিয়া ঘাটে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় রোববার দিনগত রাত ২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ২১ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া ঘাট টার্মিনালে রাজমহল পরিবহনের একটি লোকাল বাস পার্কিং করা ছিল। রাত ২টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় হরতাল ও অবরোধ সমর্থকরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর আগেই বাসটি পুড়ে যায়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইন চার্জ (ওসি) একেএম নাসির উল্যাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২১ জনকে আটক করা হয়েছে। এছাড়া মূল অপরাধীদের সনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
কেএইচ





