খুলনায় দায়ের করা একটি যুদ্ধাপরাধ মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এতে খুলনা থেকে সাতজনকে ও ঢাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২০ এপ্রিল ) রাত থেকে শুক্রবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে চলতি বছরের ১ জানুয়ারি ডুমুরিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-৭৫।
খুলনা থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- আব্দুল রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো: শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকার (৬৭), রওশন আলী গাজী (৭২),। তাদের সবার বাড়ি জেলার ডুমুরিয়া উপজেলায়।
ঢাকা থেকে গ্রেফতাররা হলেন - নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদার।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ডুমুরিয়ার খর্নিয়া ও রানাই এবং মহানগরীর গল্লামারী এলাকা থেকে খুলনার সাতজনকে গ্রেফতার করা হয়। এই মামলায় নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদারকে ঢাকা থেকে একই সময়ে গ্রেফতার করা হয়।
যুদ্ধাপরাধ মামলায় ১১ আসামির মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়।
এমই/মামুন





