নাটোর সদর উপজেলার হালসা ঝিনাপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ১৫টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আলপনি বিবি নামে এক বৃদ্ধা আহত হয়েছেন।

খবর পেয়ে জেলা প্রশাসক মশিউর রহমান, পুলিশ সুপার বাসুদেব বনিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নায়িরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি) আসলাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানান, মঙ্গলবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। দুপুরে হঠাৎ করে হালসা ইউনিয়নের ঝিনাপাড়া গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে।

এসময় ঝিনাপাড়া গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ ও ওয়াজেদ আলী, আব্দুর রাহমান, শুকুর আলী, আব্বাস আলী, ফয়সাল, আফতাব উদ্দিন, কোরবান আলী, হাসেম আলী, রেজাউল ইসলাম, আব্দুল জলিল ও মজিবর রহমানের বাড়িসহ অন্তত ১৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

ঝড়ে একটি পানের বরজ, একটি লিচু বাগানসহ বেশ কিছু গাছপালা ভেঙে গেছে। এসময় ঝড়ের কবলে পড়ে আলপনি বিবি নামে এক বৃদ্ধা আহত হয়।

ক্ষতিগ্রস্ত ওয়াজেদ আলী জানান, ঘূর্ণিঝড়ে তার বাড়ির ৩টি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। ঝড় বড় একটি জামগাছ উড়িয়ে নিয়ে যায়।

একই গ্রামের আব্দুল জলিল জানান, ঝড়ে তার লিচু বাগানের ৪৭টি গাছ ভেঙ্গে গেছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম জানান, ঝড়ে ১৫টি বাড়ি ও একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে।

জেলা প্রশাসক মসিউর রহমান জানান, কিছু ঘরবাড়িসহ গাছপালার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া হবে।

স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ