রাজধানী গুলশানের আড়ং এর সামনে থেকে অপহরণের শিকার হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙ্গার সংবাদ উপস্থাপিকা নিপা আফরোজ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জিডি করে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি।
মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার মাহমুদ হাসান সোহেল জানান, বিভিন্ন সময় নিপাকে টেলিফোনে তুলে নেয়ার হুমকি দেয়া হতো বলে তিনি অফিসকে জানিয়েছেন। এ কারণে মঙ্গলবার সন্ধ্যায় গুলশান থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিপার সাবেক এক সহকর্মী সাংবাদিকদের বলেন, “নিপার সঙ্গে তার স্বামী রুহুল আমিনের কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মামলা তুলে নেয়ার জন্য নিপাকে বিভিন্ন সময়ে হুমকি দেয়া হয়। যার পরিপ্রেক্ষিতে নিপা মঙ্গলবার গুলশান থানায় একটি জিডি করেন।”
তিনি জানান, নিপাকে তুলে নেয়ার সময় তিনি তার ভাবির সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনি বেশ তর্কাতর্কি শব্দ শুনতে পান। এরপর থেকে নিপার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় নিপার ভাবি একটি সংবাদ মাধ্যমকে জানান, নিপার ভাই গুলশান থানায় জিডি করতে গিয়েছেন। জিডি হয়েছে কি-না জানি না। নিপাকে অপহরণের খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। এতে অনেকেই মাছরাঙা টেলিভিশন কার্যালয়ে ফোন করে বিষয়টি জানতে চান। কিন্তু মাছরাঙার কার্যালয় থেকে এ বিষয়ে কোনো তথ্যই জানানো হয়নি। বরং দীর্ঘ সময় লাইনে রেখে দেয়া হয়।
বিষয়টি নিয়ে গুলশান থানার ওসি জানান, সাবিনা নিপা থানায় জিডি করতে এসেছিলেন। তিনি অপহৃত হয়েছেন বলে শুনেছি। তবে অপহরণের স্থান আমাদের আওতায় পড়েনি। অপহরণের স্থান শিল্পাঞ্চল থানার আওতায় পড়ার কারণে বিষয়টি তারা দেখছে।দেড় বছর ধরে মাছরাঙায় কাজ করেছেন নিপা। এর আগে এটিএন নিউজে ছিলেন।
এমআর/কেবি/ওএফ





