লাল রঙের এক গাদা দানবাক্স আর তার পাশে টাকার স্তূপ। দেখেই হয়ত চোখ আটকে যাবে।
ঢাকায় শাহজালাল বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন, সম্প্রতি বিমানবন্দরে বিভিন্ন দরগার নাম লেখা ৫২ টি বাক্স খুলে ফেলা হয়েছে।
তিনি বলেন, “কে বা কারা এগুলো ঝুলিয়ে রেখে যায় তার হদিস পাওয়া যায়না। আর অনেকে না বুঝে বিদেশে যাওয়ার আগে মনের দুর্বলতা থেকে এখানে টাকা ঢুকিয়ে দেয়। এটা কি বিমানবন্দর নাকি কোন বাবার দরগাহ” তিনি বলছেন, একটি বিমানবন্দরের জন্য এগুলোকে ঝুঁকি বলে মনে হয়েছিলো।
তাই এগুলো খুলে ফেলার সিদ্ধান্ত হয়। তিনি আরো বলেন,“এরকম বাক্সের মধ্যে চাইলে কত কিছুইনা রেখে যাওয়া সম্ভব” বাক্সগুলোতে যে টাকা ছিলো সেগুলো ঘটা করে বের করা হয়েছে।
আর তার ছবি দিয়ে একটা পোষ্টও দেয়া হয়েছে ‘ম্যাজিস্ট্রেট, অল এয়ারপোর্ট অফ বাংলাদেশ’এই ফেসবুক পাতায়। বিমানবন্দরে নাকি একটি চক্র আছে যারা এরকম বাক্স দিয়ে ভাল টাকা কামিয়ে নিচ্ছে।
ম্যাজিস্ট্রেট ইউসুফ জানান, “যখন আমরা বাক্সগুলো নামানো শুরু করলাম, আমাদের কাছে খবর এলো বাকিগুলো কে বা কারা খুলে নিতে শুরু করেছে। তা না হলে আরো পাওয়া যেত”
বাক্সগুলো থেকে তাই টাকা পাওয়া গেছে মোটে সাত আট হাজার। যা আপাতত জমা আছে।
“যেহেতু এগুলো দানের টাকা তাই হয়ত এগুলো আবার দানই করা হবে”, সূত্র: বিবিসি
এসটি





