বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বগুড়ায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে কমফোর্ট হাউজিংয়ে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল মফিজ পাগলার মোড় হয়ে শেরপুর রোডের গোহাইল রোড ঘুরে পুনরায় সূত্রাপুর রুপকথা হাউজিং এলাকায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সহ সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, ডা. আফসারুল হাবিব রোজ, ডা. মামুনুর রশিদ মিঠু, লাভলী রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, ইসলামী ঐক্যজোটের নেতা ইঞ্জিনিয়ার শামছুল হকসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একজন নাগরিকের নিখোঁজ, অপহরণ বা আত্মগোপন যাই হোক না কেন, রাষ্ট্রের দায়িত্ব তাকে খুঁজে বের করা। তাছাড়া যেহেতু ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, সালাহউদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, সেহেতু, রাষ্ট্রের উচিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।
জেআই





