যৌতুকের দাবিতে রাফিজা খাতুন (৩৫) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী খোকন আলী।

রোববার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় খোকন আলীকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর বোন সাজিদা খাতুন ও স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, খোকন আলী একাধিক বিয়ে করেছেন। রাফিজা তার চতুর্থ স্ত্রী। যৌতুকের দাবিতে প্রায়ই রাফিজার ওপর নির্যাতন চালাতেন খোকন।

এরই ধারাবাহিকতায় রোববার ভোরে খোকন তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন। পরে গলায় রশি বেঁধে মৃতদেহ বাড়ির পাশের গাছে ঝুলিয়ে এটিকে আত্মহত্যা বলে প্রচার করেন খোকন। এরপর সকালে তড়িঘড়ি করে মৃতদেহ দাফন করার চেষ্টা করেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায় ও খোকনকে আটক করে।

সাতক্ষীরা সদর থানার অফিসর ইনচার্জ (ওসি) গোলাম রহমান জানান, নিহত নারীর দেহে আঘাতে চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর