বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার মামার ছুরিকাঘাতে ভাগ্নে খুন হয়েছে। নিহত আরাফাত হোসেন উপজেলার পারটেকুর গ্রামের চান মিয়ার ছেলে।
এ ঘটনায় পুলিশ মামা মেরাজুল ইসলামকে গ্রেফতার করেছে। মেরাজুল একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আরাফাতের দুই মামা মেরাজুল ও মালেকের মধ্যে বাড়ির পাশে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকাল ৮টার দিকে মেরাজুল ওই জমিতে গাছ লাগাতে গেলে বড় ভাই আব্দুল মালেক বাধা দেন। এ নিয়ে দু'ভাইয়ের মধ্যে ঝগড়া হয়।
এক পর্যায়ে মেরাজুল লাঠি দিয়ে মালেককে মারধর শুরু করেন। খবর পেয়ে আরাফাত দুই মামার ঝগড়া থামাতে এগিয়ে যান এবং মেরাজুলের লাঠি ধরে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে মেরাজুল আরাফাতকে ছুরিকাঘাত করে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





