খাগড়াছড়িতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি, বিক্ষোভ মিছিল এবং কেক কাটার মধ্য দিয়ে পালিত হল জাতীয়তাবাদী যুবদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মো. দাউদ-উল-ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, যুব বিষয়ক সম্পাদক আইয়ুর খানসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ ও সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম।
জেআই





