রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে কফিন মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় কফিন মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির সমাবেশে মিলিত হয়।

মিছিল চলাকালে জাগো রে জাগো, মানুষ জাগো, আমার স্যার মরল কেন, প্রশাসন জবাব চাই, এসো ভাই-এসো বোন, গড়ে তুলি আন্দোলন, জ্বালো জ্বালো, আগুন জ্বালো, খুনিরা ঘুরছে কেন, প্রশাসন জবাব চাই, চুপ করে থাকলে খুন হবে এভাবে এ রকম অসংখ্য স্লুগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। মিছিলে রাবির চার শিক্ষকের হত্যার প্রতিবাদে চারটি কফিন বহন করেন আন্দোলনকারীরা।

কফিন মিছিল সম্পর্কে ইংরেজি বিভাগের শিক্ষার্থী তমাশ্রী দাস বলেন, একের পর এক লাশের মিছিল বাড়ছে।

রেজাউল করিম স্যারের কফিন যখন আমাদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়, সেই যে ভয়ংকর মুহূর্ত তা আমাদের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়।

আর আমরা যদি এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ না জানাই, তাহলে এসব হত্যাকাণ্ড থামবে না। বাড়তে থাকবে কফিনের সংখ্যা। এই প্রতীকী কফিন মিছিল সেসব হত্যার প্রতিবাদে।

রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিসহ ইংরেজি, বাংলা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ভূতত্ত্ব, খনিবিদ্যাসহ বিভিন্ন বিভাগ প্রতিবাদ মিছিল-সমাবেশ করেছে।

এসএম