লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগের সংঘর্ষের ঘটনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ ২৪ জনের নাম উল্লেখ্য করে ৭৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

ওই মামলায় অজ্ঞাত রাখা হয়েছে আরো ৫০ জনকে। বুধবার রাতে এসআই আব্দুল আলীম বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে রয়েছে - সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব, যুবলীগ নেতা রুপম হাওলাদার, ইকবাল হোসেন হিমেল ক্বারী, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, আশিক মাহমুদ, আকবর খান, রেজাউল ইসলাম, সাইফুদ্দিন, আজগর আলী ও মাহাদ আলীকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে সদর হাসপাতালের ভাংচুর করে যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বাধা দিলে পুলিশের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লোকমান হোসেন জানান, পুলিশের কাজে বাধা, মারধর এবং হাসপাতাল ভাংচুর করার অভিযোগে ২৪ জনের নাম উল্লেখ করে ৪০-৫০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন- অপরাধী যত বড়ই হোক কেউ আইনের উর্দ্ধে নয়। সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।