দিনাজপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের দুগ্ধ খামারের প্রধান গেটের তালা ভেঙে এবং কেয়ারটেকারকে বেঁধে রেখে ১০টি গাভী লুট হয়েছে।

আজ (শুক্রবার) ভোররাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ফকিরপাড়া গ্রামে এঘটনা ঘটে। ডাকাতিকৃত বিদেশি প্রজাতির ১০টি গাভীর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ফকিরপাড়া গ্রামে মন্ত্রী তার নিজ জায়গায় দেশি ও বিদেশি প্রজাতির গরুর সমন্বয়ে খামারবাড়ি গড়ে তোলেন। ওই খামার দেখাশুনা করতেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে লোকমান হোসেন (৩৫)।

শুক্রবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রধান গেটের তালা ভেঙে একদল চোর খামারবাড়িতে প্রবেশ করে। এসময় কিছু বুঝে উঠার আগেই লোকমানকে বেঁধে ফেলে। পরে খামারে থাকা বিদেশি জাতের ১০টি গাভী নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

কেয়ারটেকার লোকমান হোসেন জানান, ডাকাতদলের সদস্যরা হত্যার ভয় দেখিয়ে তার মুখ ও পা বেঁধে ফেলে। পরে তারা ১০টি বিদেশি গাভী নিয়ে পালিয়ে যায়। পরে ওই খামারে পরিবার নিয়ে বসবাসকারী এমরান আলীকে খবর দিলে তিনি তার হাতের বাঁধন খুলে দিয়ে মন্ত্রী ও পুলিশকে খবর দেয়।

ডাকাতির ঘটনায় শুক্রবার সকালে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নাসিম হাবিব, ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, পরিদর্শক বজলুর রশিদ মন্ত্রীর খামারবাড়ি পরিদর্শন করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম হাবিব জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যেই তদন্ত কার্যক্রমের পাশাপাশি ডাকাতদের আটক ও গরুগুলো উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানান তিনি।

এমবি