রাজধানীর ইস্কাটন এলাকায় একটি মার্কেটে চাকরির খোঁজে এসে ধর্ষণের শিকার হয়েছে ১২ বছর বয়সের এক কন্যাশিশু। এ ঘটনায় ধর্ষকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটির যাবতীয় পরীক্ষার জন্য পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর কলাবাগান রোডের সার্কুলার রোডে বসবাসকারী ওই শিশুকে তার পরিচিত জহুরা বেগম চাকরি দেওয়ার নাম করে বৃহস্পতিবার ইস্কাটনে নিয়ে আসেন। সেখানে একটি মার্কেটের দোকান মালিক আমিনুর রহমান ওলির সঙ্গে শিশুটিকে পরিচয় করিয়ে দেন জহুরা বেগম।
পরিচয় হওয়ার পরে শিশুটিকে ‘ধর্ষণ’ করেন ওলি। পরে তার চাকরি হবে না বলে জানিয়ে দেন জহুরা বেগম। এ ঘটনার পর শিশুটি বাসায় ফিরে সব জানালে তার পরিবার কলাবাগান থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।
কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইকবাল জানান, ঘটনা জানার পরেই ইস্কাটনে অভিযান চালিয়ে ওলি, জহুরা বেগমসহ তিনজনকে আটক করা হয়। থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর মেয়েটির প্রয়োজনীয় পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জেআই





