বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর উদ্যোগে ৫ দিনব্যাপী ‘বসন্তমেলা’ ১৪২৩ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী’ বিসিক ভবন চত্বরে শুরু হয়েছে।

রোববার বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) আবদুল কাদির সরকার। স্বাগত ভাষণ দেন প্রধান নকশাবিদ বশীর আহমেদ। এ সময় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, বিসিক ডিজাইন সেন্টার হলো বাংলা দেশের ডিজাইন বিবর্তনের প্রতিকৃত। কারণ এই ডিজাইন সেন্টারে কাজ করে গেছেন পটুয়া কামরুল হাসান, শিল্পী কাইয়ুম চৌধুরী ও শিল্পী এমদাদ হোসেনের মত বহু জ্ঞানীগুনী শিল্পীরা। এই ডিজাইন সেন্টার নতুন নতুন ডিজাইন উদ্ভাবনসহ ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণন সহায়তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নে বিসিক দীর্ঘদিন যাবৎ উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সেবা-সহায়তা প্রদান করে আসছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও বিকাশ ঘটিয়ে উৎপাদন, আয়বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি বিসিকের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিকের প্রধান নকশাবিদ বশীর আহমেদ। এছাড়া আরো বক্তব্য রাখেন বিসিক সভাপতির বক্তব্যে মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) আবদুল কাদির সরকার।

মেলায় বিভিন্ন ধরণের হস্ত ও কুটির শিল্পপণ্যের ৪৭টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। উক্ত মেলা ও প্রদর্শনী সর্বসাধারণের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। বিসিকের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এমএনজে