দেশে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্তদের মধ্য থেকে গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৮২৯ জন সুস্থ হয়ে উঠেছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে মোট ৫১ হাজার ৪৯৫ জন সেরে উঠল। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
বুলেটিনে অধ্যাপক নাসিমা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিন হাজার ৯৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ২৬ হাজার ৬০৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ শতাংশ।
এ ছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে বুলেটিনে জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬২১ জনের মৃত্যু হলো।
অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী সাতজন। এ ছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মারা গেছে।
ডা. নাসিমা জানান, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, বরিশাল বিভাগের দুজন, খুলনা বিভাগের পাঁচজন, ময়মনসিংহ বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের পাঁচজন এবং রংপুর বিভাগের চারজন।
এ ছাড়া অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৮ জন এবং বাড়িতে ১১ জন মারা গেছে।
ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে তিন হাজার ৯৪৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা মোট নমুনা পরীক্ষার ২১ দশমিক ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ছয় লাখ ৭৮ হাজার ৪৪৩ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।
এমআর





