রাজধানীর খিলগাঁওয়ে লায়নহাটি বালুমাঠ সংলগ্ন একটি ঝোপের ভেতর থেকে নয়ন মিয়া নামে এক বালু ব্যবসায়ীর হাত-পা বাধা ও গলায় লুঙ্গি  পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাবার নাম মোক্তার হোসেন।খিলগাঁওয়ের  ত্রিমোহীনি বাজার এলাকায় থাকতেন নয়ন।

বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নয়নের লাশ উদ্ধার করা হয়। তার পড়নে কোনো কাপড় ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে। মামলার প্রস্তুতি চলছে।

নয়নের চাচা এলান মিয়া জানান, বুধবার রাতে নয়নকে দুইজন ছেলে ডেকে নিয়ে যায়। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে জানতে পারেন নয়নের লাশ উদ্ধার হয়েছে। তারা ধারনা করছেন ব্যবসায়ীক কোন্দলে এ খুন হয়ে থাকতে পারে।

ইআর