বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জনসভাস্থল জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠ বৃষ্টির কারণে আরও বেহাল হয়ে পড়েছে।
শনিবার দুপুরে এই মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রচণ্ড বৃষ্টিতে মাঠের পরিস্থিতি খারাপ হয়ে যায়। বৃষ্টির কারণে প্রায় পুরো মাঠে কাদা পানি জমেছে।
শনিবার সকাল ৭টার দিকে বিএনপি নেতাকর্মীরা জনসভার মাঠ দেখতে আসেন। মাঠ শুকাতে বালু ফেলার ব্যবস্থা করছেন তারা।
বিএনপি নেতারা বলছেন, পানি শুকাতে আরও সময় লাগবে। দুপুর ২টার মধ্যে মাঠের অবস্থার উন্নতি হবে বলে তারা আশা করেন।
এর আগে চেয়ারপারসনের গাড়ি যাওয়ার জন্য মূল সড়ক থেকে মঞ্চ পর্যন্ত প্রায় কোয়াটার কিলোমিটারজুড়ে ইটের ফলিং দিয়ে রাস্তা তৈরির কাজ শুক্রবার রাত ৩টার দিকে শেষ হয়। একই সঙ্গে মঞ্চের কাজও শেষ করা হয়।
বিচারপতি অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে এবং দ্রুত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেয়ার দাবিতে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
জনসভায় যোগ দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে রাজধানীর গুলশানের বাসভবন থেকে জামালপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন খালেদা জিয়া।
ফরিদুল কবির বলেন, ‘আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভায় ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছি। তবে বৃষ্টিতে মাঠের ক্ষতি হয়েছে।’
খালেদা জিয়ার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে জামালপুরে। জেলা শহর ছাড়াও পুরো জামালপুরে তোরণ-ব্যানার-ফেস্টুন দিয়ে সাজিয়ে নিয়েছেন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





