বরিশাল নগরীর পলাশপুরে শিশু ধর্ষণের মামলায় মো. রিপন (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. রিপন নগরীর রসুলপুরের মাঝেরচর এলাকার সাহেব আলীর ছেলে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির আইনজীবী উম্মে আসমা শেলী জানান, ২০০৭ সালের ১৭ জনুয়ারি সকালে আসামির ঘরের সামনে খেলাধুলার সময় সাত বছরের একটি মেয়ে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে রিপন। এ ঘটনায় শিশুর বাবা ওই বছরের ২০ জানুয়ারি কোতয়ালী থানায় একটি মামলা করেন।

ওই বছর ৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালতের বিচারক ১৪ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ করে এই রায় দেন।

কেএইচ