দিনাজপুর শহরে বিদ্যুৎস্পৃষ্টে মেরিজন নেছা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় ছেলে-মেয়েসহ একই পরিবারের আরও তিনজন আহত হন।
শহরের পুলিশ লাইল ২ নম্বর গেট সংলগ্ন মহাজনপাড়ায় রবিবার রাত সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহতরা হলেন- মেরিজনের মেয়ে সাবিনা (২৫), ছেলে আজাদুল ইসলাম (৬০) ও তার স্ত্রী রশিদা (৫০)।
দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাত সাড়ে ৩টায় বাড়ির উপর দিয়ে টানা বিদ্যুতের ১১ হাজার ভোল্টের একটি তার ছিড়ে ঘরের উপর পড়ে।
এ সময় শর্ট সার্কিট হয়ে ঘরে আগুন লেগে যায়। ঘর থেকে দ্রুত বের হতে গিয়ে গেটে থাকা তারে জড়িয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন।
এমকে





