শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বিভিন্ন সুপারিশ ও পরামর্শ যথাযথভাবে পালন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাগিদ দেয়া হয়েছে।
বুধবার সংসদ ভবনে কমিটি সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা, এম এ মালেক,রহিম উল্লাহ এবং ফাতেমা তুজ্জহুরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি ) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় চামড়া শিল্প স্থানান্তরের জন্য সাভারে ২০৫ একর জমি বরাদ্দ প্রদান করাসহ সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করার পরেও সেখানে ট্যানারীর মালিকগন তাদের কারখানা স্থানান্তর না করায় আগামী ২০১৫ সালের মার্চ মাসের মধ্যে ট্যানারীর মালিকগণকে কারখানা স্থানান্তরের সুপারিশ করা হয়।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সিবিএর নেতার অনিয়মের বিষয়ে এবং শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির সার্বিক বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকের আগে কমিটির সদস্যদেরকে অবহিত করার পরামর্শ দেয়া হয়।
সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





