সাতক্ষীরার কলারোয়া উপজেলার বসন্তপুর এলাকায় আব্দুল মান্নান (২৩) নামে এক চিংড়িঘের কর্মচারীকে গলাকেটে হত্যা করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় ঘাতক সাজু হোসেনকে (২৭) আটক করতে গিয়ে পুলিশ ও ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আব্দুল মান্নান যশোরের মনিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের ইসমাইল হোসেন গাজীর ছেলে। আহতরা হলেন- কনস্টেবল কমলেশ সানা ও জয়নগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য জয়দেবসানাসহ তিনজন।

প্রত্যক্ষদর্শী জানান, কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল খালেক কলারোয়া উপজেলার বসন্তপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাছের ঘের করে আসছিলেন। ওই ঘেরের কর্মচারী ছিলেন আব্দুল মান্নান। তিনি ঘেরের বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। সোমবার দুপুরে ঘেরের বাসার বাইরে তিনি বসে ছিলেন। এ সময় কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের শের আলীর ছেলে সাজু হোসেন দা দিয়ে আব্দুল মান্নানের গলায় কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম জানান, সাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

এমই