নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের চারদিন পর স্কুলছাত্র মাকসুদুল ইসলাম তুহিনের (৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের বাবাকে মারধরের প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে তুহিনের চাচাতো ভাই মাহফুজুল ইসলাম (১৭) ।

মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার বগাদি গ্রামের কান্দাপায় তুহিনের মরদেহ উদ্ধারের আগে পুলিশ মাহফুজুলকে আটক করে।‍

এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন। তারা বলছেন, ৮ মে তুহিন অপহরণ হলেও চারদিন ধরে পুলিশ রহস্যজনক কারণে মামলা রেকর্ড না করে অবহেলা করেছে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হোসেন জানান, উপজেলার বগাদি কান্দাপাড়া গ্রামের দন্ত চিকিৎসক নাছিরউদ্দীনের ছেলে খড়িয়া ব্র্যাক স্কুলের ২য় শ্রেণির ছাত্র মাকসুদুল ইসলাম তুহিন (৭)। গত ৮ মে বিকেলে মাঠে খেলতে গিয়ে অজ্ঞাত অপহরণকারীদের হাতে অপহৃত হয়। এ ব্যাপারে নাছিরউদ্দীন ৯ মে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেন। সেটা তদন্ত চলছিলো। এরই মধ্যে নাছিরউদ্দিনের ভাই বিল্লাল হোসেনের ছেলে মাহফুজুল ইসলাম অপহরণ হয়েছে এমন অভিযোগও করা হয়।

পরে মঙ্গলবার বিকেলে নরসিংদী থেকে মাহফুজুল ইসলামকে আটকের পর তার দেওয়া তথ্য মতে উপজেলার বগাদি গ্রামের একটি ড্রাম থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়।

এএইচ