দিনাজপুরে মাইক্রোবাস চাপায় আব্দুল হাসিম নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিন জন।
সোমবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর-বিরল সড়কের সাবদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিরল অভিমুখি দ্রুতগামী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী আব্দুল হাসিম নিহত হয়। এ সময় ভ্যানে থাকা অপর তিন যাত্রী আহত হয়।
নিহত আব্দুল হাসিম বিরল উপজেলার জুগিহাড়ী গ্রামের ঈমান আলীর ছেলে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
জেডআই





