ফেনীর কালিদাস পাহালিয়া নদীর কূল থেকে মানুষের একটি মস্তক উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মস্তকটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে এটি সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালামের মস্তক। ২৫ মার্চ বিকালে দুর্বৃত্তরা আবুল কালামকে হত্যা করে তার দেহ থেকে মাথাটি আলাদা করে মৃতদেহ নদীতে ফেলে দেয়। পরদিন পুলিশ মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে।

ফেনী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহাবুব মোর্শেদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা মাথাটি দেখতে পেয়ে বোগদাদিয়া ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ মাথাটি উদ্ধার করে। তবে মাথাটি কার সেটি নিশ্চিত হতে পরীক্ষার প্রয়োজন।

নিহত যুবদল নেতা আবুল কালামের মা বিবি জোলেখা জানান, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সন্ত্রাসীদের হাতে তার ছেলে নিহত হন। হত্যার পরদিন তিনি বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ