সিলেটে শিবির-পুলিশ সংঘর্ষে রুবেল (১৮) নামে এক পথচারী গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দরগাহ এলাকায় এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর আম্বরখানা থেকে শিবির কর্মীরা মিছিল বের করে। মিছিলটি দরগাহ গেইট এলাকায় আসা মাত্র পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে পুলিশ। এতে রুবেল নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়। আহত রুবেলের বাড়ি শহরতলীর খাদিমপাড়া-পিরের বাজার এলাকায়। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় শিবির কর্মী ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে চন্দ টুলা এলাকা থেকে হামলায় জড়িত সন্দেহে তোফায়েল (২৫) নামে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে। সে এমসি কলেজের শিক্ষার্থী।
এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। একজন গুলিবিদ্ধ হয়েছে আর একজনকে আটক করা হয়েছে।
জেএ





