আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকায় বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
সংঘর্ষে আহতরা হলেন- হারেসুল ইসলাম (২৮), আকাশ মিয়া (৩০), আরিফ হোসেন (৩২), রাসেল মিয়া (২৬), ওসমান মাস্টার (৭০), শাহজাহান (৭৫), রফিকুল ইসলাম (৩৩), কাউসার আহাম্মেদ (২৫) ও অজ্ঞাতনামা দু’জন। আহতের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, খৈসাইর এলাকায় বেঙ্গল গ্রুপের হেমকো ব্যাটারি কারখানার জমি কেনাবেচা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা নুরুজ্জামানের সঙ্গে অপর আওয়ামী লীগ নেতা সাত্তার মিয়ার সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘ দিন ধরে তাদের বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জের ধরে দুপুর ১টার দিকে নুরুজ্জামান ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সাত্তার মিয়ার লোকজনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে সাত্তার মিয়ার লোকজনও অস্ত্রশস্ত্র নিয়ে নুরুজ্জামানের লোকজনের ওপর হামলা চালায়। শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেএইচ





