হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ  ২৩ কেজি সোনা উদ্ধার করেছে।  
বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ বিভিন্ন পয়েন্টে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে এ সোনাগুলো উদ্ধার করা হয়।
সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিভিল অ্যাভিয়েশনের  নিরাপত্তা কর্মীসহ তিনজনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। আটককৃতরা হলেন, নিরাপত্তা কর্মী সাইফুল ইসলাম, যাত্রী হাসেম ও মনির।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল ইসলাম টাইম নিউজকে জানান, উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ১১ কোটি টাকা। আটক তিনজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিমান বন্দর  সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারওয়েজের একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
ওই বিমানের দুই যাত্রী তাদের সঙ্গে আনা ১১ কেজি সোনা বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) নিরাপত্তাকর্মী সাইফুল ইসলামের মাধ্যমে পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা  অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে। তাঁর তথ্যের ভিত্তিতে যাত্রী মনির হোসেন ও আবুল হোসেনকে আটক করে তাঁদের কাছ থেকে ১১ কেজি সোনা উদ্ধার করে গোয়েন্দারা।
এর আগে সোয়া আটটার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে বোর্ডিং ব্রিজ থেকে গোপন তথ্যের ভিত্তিতে ১১ কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। তবে ওই ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। এছাড়া গত রোববার ৩ কেজি এবং বুধবার ৫ কেজি সোনা উদ্ধার করে শুল্ক ও শুল্ক গোয়েন্দা বিভাগ।
[b]ঢাকা,২১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]