বান্দরবানে একটি খামার বাড়িতে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দু'টি শিশু রয়েছে।
বৃহস্পতিবার রাতে বান্দরবানের ক্যামলং এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা। তারা দীর্ঘদিন ধরে ওই খামার বাড়িতে বসবাস করছিল বলে জানিয়েছে পুলিশ।
বান্দরবান সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি ওসি ইমতিয়াজ।
এআর





