বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বিশ্বে ঊর্ধ্বমুখী হলেও সৌদি আরবে কমছে এর প্রাদুর্ভাব। স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ এবং সম্পূর্ণ ফ্রিতে স্বাস্থ্যসেবা প্রদানের ফলে প্রতিদিনই সংক্রমণের হার নিম্নমুখী।
গ্লোবাল রেকর্ডে সৌদির বর্তমান অবস্থান ৩১, যেখানে আমেরিকা প্রথম স্থানে। আর ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী গতকাল (০২ ডিসেম্বর) দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ২৪৯ জন, সুস্থ হয়ে ঘরে ফিরলেন ৩৩৭ এবং মৃত্যুবরণ করেছেন ১২ জন। সব মিলিয়ে সেখানে করোনায় তিন লাখ ৫৭ হাজার ৮৭২ জন আক্রান্ত, তিন লাখ ৪৭ হাজার ৫১৩ জন সুস্থ এবং ৫ হাজার ৯১৯ জনের মৃত্যু হয়েছে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮০ বাংলাদেশির। এদের মধ্যে রিয়াদ অঞ্চলে ৫২০ এবং জেদ্দা অঞ্চলে ৪৬০ জন।
এদিকে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করায় শুধু গত এক সপ্তাহে জরিমানা ও শাস্তি দেয়া হয়েছে ১২ হাজার ৮৫৫ জনকে।
এমবি





