শিক্ষক লাঞ্চনার ঘটনায় প্রকৃত সত্য তুলে ধরার জন্য আহবান জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
রবিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সচেতন নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ব্যবসায়ী প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্যকালে শাহ নিজাম দেশের বিশিষ্টজনদেও উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের সম্মানিত মানুষ। আপনারা একটা কথা বললে দেশের মানুষ তা লক্ষ্য করে। আপনারা সত্য ঘটনা জেনে কথা বলুন। আপনাদের কথায় যেন মানুষ বিভ্রান্ত না হয় সেদিকে খেয়াল রেখে আপনারা বক্তব্য দিবেন বলে আমরা আশা করি।
তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার রাজনীতি করি। ক্ষুধা, দারিদ্রমুক্ত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রাজনীতি করি। প্রধানমন্ত্রী যখন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন, দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। এই সময় বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল না করার জন্য আহবান জানান শাহ নিজাম।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, কাউন্সিলর ইসরাত জাহান স্মৃতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
অন্যদিকে, বৃষ্টিকে উপেক্ষা করে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র উদ্যোগ্যে ৮টি জাতীয় ভিত্তিক ও ৩৫টি স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ সাংসদ সেলিম ওসমানের বিরূদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সহ সভাপতি, বিকেএমইএ’র ফাউন্ডার প্রেসিডেন্ড ও পরিচালক (চলতি) মো: মঞ্জুরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে হাজার হাজার ব্যবসায়ীরা অংশগ্রহণ করে।
এমআইএস





