চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পুলিশ ভ্যানের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই কনস্টেবল।

শনিবার সন্ধা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম মোহাম্মদ আলী (৩২)। আহতরা হলেন পুলিশ ভ্যানের চালক কনস্টেবল আবদুল হক (৫০) এবং মোহাম্মদ শিব্বির হোসেন (৪৫)। আহত দুই কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ঢাকা থেকে জেএমবির এক সদস্যকে চট্টগ্রাম নিয়ে আসার পথে পুলিশ ভ্যানটিকে মিরসরাই থানা পুলিশের অপর একটি পুলিশ ভ্যান স্কট প্রদান করে। স্কটে থাকা মিরসরাই থানা পুলিশের ভ্যানটি মিরসরাই থানার জামালের দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সেটিকে মুখোমুখি ধাক্কা দেয়।

এতে পুলিশ ভ্যানের সামনে থাকা চালকসহ তিন কনস্টেবল আহত হন। স্থানীয়রা পুলিশ সদস্যদের উদ্ধার করে মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কনস্টেবল মোহাম্মদ আলীকে মৃত ঘোষনা করেন।

সীতাকুণ্ড সার্কেলের এএসপি সালাউদ্দিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সেটিকে আটক করার চেষ্টা চলছে।

এবি/ইআর