এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে।
সোমবার দুপুর আনুমানিক আড়াইটায় উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন, বুলবুল মিয়া (৪০), ফরহাদ হোসেন বাবুল (২৩), দুলাল মিয়া (৪০), খুরশিদ আলম (২৮), মালু মিয়া (৪৬), আলী মিয়া (৩৫), কবির মিয়া (২৫) ও হেলাল (৩০)। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার এবং ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এ বিরোধের জের ধরে দুপুরে তাদের পক্ষে খাদুরাইল ও আইরল গ্রামের কয়েকশ’ সমর্থক সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ২২ জন আহত হয়। ফের সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





