গোপালগঞ্জে বালু কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কবির সর্দার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নকড়ীর চর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সাতজনকে আটক করেছেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামে আল আমিন সর্দার ও খাজা মল্লিক বংশের লোকজনের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল।আজ সকালে মল্লিক বংশের লোকজন সর্দার বংশের দখলে থাকা জমি থেকে বালু কাটতে যান।তখন আমিন বংশের লোকজন বাধা দেন।এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।
একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সর্দার বংশের কবির সর্দারসহ চারজন আহত হন।কবিরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।আর বাকি আহতরা স্থানীয় ক্লিনিক থেকে চিকিৎসা নেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা সাংবাদিকদের বলেন, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমই





