মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মলে হক বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও হুসেইন মুহম্মদ এরশাদ অংশ নেননি। তাই তাকে মুক্তিযুদ্ধের পক্ষের বলা যাবে না।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তিনি এ মন্তব্য করেন।

২৩ সেপ্টেম্বর স্মৃতি সংসদের উদ্যেগে ‘১৯৮১ সালের তথাকথিত সেনা বিদ্রোহ’ প্রহসনমূলক সাজানো বিচারে ১৩ জন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার ফাঁসি ও প্রাসঙ্গিক বিষয়ে গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি (এরশাদ) ওই সময় পাকিস্তানে ছিলেন। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান আর্মির বাঙালি যে সব কর্মকর্তা যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের বিচারের দায়িত্বে ছিলেন এরশাদ। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি দুইবার বাংলাদেশেও এসেছিলেন।

মন্ত্রী বলেন, তার সুযোগ ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার। কিন্তু তিনি তা করেননি। আর তাই এরশাদ মুক্তিযুদ্ধের পক্ষের কেউ নন।

এ সময় সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হারুন-অর রশীদ বীর প্রতীক বলেন, এরশাদ এখন বাংলাদেশের পতাকা নিয়ে চলেন। তিনি এক জন ঘৃণ্য ব্যক্তি। তার কোনো অধিকার নেই এ দেশের পতাকা নিয়ে চলার।

এরশাদের মতো ব্যক্তি যার বা যাদের পাশে থাকে তারাও মুক্তিযুদ্ধের পক্ষের হতে পারে না বলেও মন্তব্য করেন সাবেক এই সেনা প্রধান।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ