কক্সবাজার শহরের বাহারছড়া কবরস্থান পাড়ায় আগুনে পুড়ে গেছে ১০টি বসতঘর। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়েছেন চারজন। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ওই এলাকার আবুল কালামের ছেলে পারভেজ (২০), মোহাম্মদ শফির ছেলে সেলিম (৩৫), পপুলার শর্মার ছেলে রিপন শর্মা (২৮) ও আবুল কাশেমের ছেলে শাহেদ (১৬)।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল মজিদ জানান, ওই এলাকার মোহাম্মদ সেলিমের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিলিন্ডারে ছিদ্র ছিল। প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় চারজন দগ্ধ হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন চৌধুরী জানান, অগ্নিদগ্ধদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কেএইচ





