চট্টগ্রামে আড়াই বছর বয়সী শিশুটিকে আদর করার ছলে কোলে নিয়ে ধর্ষণের দায়ে খুরশিদ আলম(২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সেলিম মিয়া এ মামলার রায় দেন। একই রায়ে আসমিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডিত খুরশিদ আলম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ আমানত কলোনির বাবুল সাহেবের ভাড়াটিয়া মৃত আবুল কালামের ছেলে। তার বাড়ি নোয়াখালী জেলার চর জব্বার এলাকায়। তিনি বর্তমানে হাজতে আছেন।

টাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এম এ নাসের বলেন, আসামির ডিএনএ পরীক্ষা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২(১) ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০হাজার টাকার অর্থদণ্ড করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৬ মে আড়াই বছরের মেয়েটিকে আদরের ছলে ঘরে নিয়ে ধর্ষণ করেন খুরশিদ। ঘটনার দিনই শিশুটির বাবা বাদি হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন। ওইদিনই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ গঠনের উদ্দেশ্যে চার্জশিট দাখিল করা হয় ২০১১ সালের ৩১ জুলাই। মামলার চার্জশিট গঠন করা হয় ২০১২ সালের ১ জানুয়ারি। ১৫ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।

এমই