হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের কমোডের ভিতরে থাকা কনডমের প্যাকেট থেকে এবার উদ্ধার করা হলো দুই কেজি ওজনের ২০টি স্বর্ণের বার।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) কাস্টমস হলের নিকটবর্তী একটি ভবনের টয়লেট থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড.মঈনুল খান।
তিনি জানান, সকালে বিজি-০১৮৭ ফ্লাইটটি অবতরণের পর শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা তল্লাশি শুরু করে টয়লেটের ভেতরে স্বর্ণের বার রাখা হয়েছে বলে জানতে পারে। পরে কাস্টমস হলের নিকটবর্তী একটি ভবনের টয়লেটের কমোডের ভেতরে ৩টি কনডমের প্যাকেটে ২০টি বার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১০০ গ্রাম করে।
কনডমে মোড়ানো স্বর্ণের বারগুলো কমোডের ময়লার মধ্যে লুকানো ছিল এবং স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য এক কোটি টাকা বলেও জানান তিনি।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের সদস্যরা।
ওএফ





