প্রথম দুই ধাপের ন্যায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও অনিয়ম ও ব্যাপক সহিংসতা, কারচুপি, জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন ইউনিয়নে সংঘর্ষে পুলিশসহ ২০ জনেরও বেশি আহত এবং এ পর্যন্ত এক জন নিহতের খবর পাওয়া গেছে।

বিভিন্ন ইউনিয়নে অনিয়ম, কারচুপি ও জাল ভোটের অভিযোগ এনে বিএনপির ১৬ প্রার্থী, তিন আওয়ামী লীগের প্রার্থী এবং দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।এ ছাড়া সরকারী কর্মচারী আনসার সদেস্যর জাল ভোট দেওয়ার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে।

বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নাটোরের পাঁচটি ইউপিতে, শরিয়তপুরের গোসাইয়ের হাট, সিরাজগঞ্জের বেলকুচির দৌলতপুর, নারায়ণগঞ্জের এনায়েগনগর, চাঁদপুরের রাজারগাঁও, নোয়াখালীর মোহাম্মদপুর, ব্রাহ্মণবাড়িয়ার শিবগঞ্জ, লক্ষীপুরের ইছাপুর, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের চরপুটিমারি এবং ঝিনাইদহের রাখালগাছীতে বিএনপি প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

নোয়াখালীর নাওয়াখোল ও ঝিনাইদহে রাখালগাছীতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ির পাইদং ইউনিয়ন ও হারুয়ালছড়ি, মৌলভী বাজারের ফরিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

লক্ষীপুরের রামগঞ্জে ইছাপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ আহত হয়েছেন।
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।গোপালগঞ্জের হাতিয়ারায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন।
নারায়ণগঞ্জের তারিতাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে দুই জনকে আটক করা হয়েছে। এসময় পুলিশের দুটি গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জামালপুরের ইসলামপুর উপজেলার পোড়ারচরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত সাত জন। সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে।

এছাড়াও মাগুরার শ্রীপুরে একটি কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচ জন।বান্দরবানের আজিজনগরে সংঘর্ষে সাত জন আহত হয়েছেন।
ময়মনসিংহের নান্দাইলে মশুলি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী আহত হয়েছেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চার জনকে বিভিন্ন কারণে আটক করে জরিমানা করা হয়েছে এবং শরীয়তপুরের চন্দ্রপুরে একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, জাল ভোট দেয়ার অভিযোগে মেহেরপুরের পিরোজপুরে আটক তিন কিশোরের জরিমানা ও ময়মনসিংহের নান্দাইলে একজনের ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় আটক মেম্বার প্রার্থীর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুরের রাজারগাঁওয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জের কলমার চর ৩ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার সময় আটক সাত জনকে আটক করে ১০ দিনের কারাদণ্ড এবং একজনের জরিমানা করা হয়েছে।

তৃতীয় ধাপের নির্বাচনে ২৫ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ৮১ ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই।

এদিকে তৃতীয় ধাপের ভোটে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জালভোট ও সংঘর্ষ অব্যাহত থাকায় ক্ষুব্ধ ও হতাশ হয়েছে নির্বাচন কমিশনও (ইসি)। দেশের ৬১৪ ইউপির ভোটের অর্ধেক সময় পার করে আজ নিজেদের অসন্তোষের কথা জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার।

প্রধানমন্ত্রীর বার্তায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ‘বাড়াবাড়ি’ না করার নির্দেশনা ও সুষ্ঠু ভোটের ভোট নিয়ে অনেক প্রত্যাশা ছিল সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বলেন, “ক্ষমতাসীন দলের আশ্বাস পেয়ে আমরা মনে করেছিলাম-ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ কিছুটা কম হবে। তাদের নেতাকর্মীরা অনিয়মে জড়াবে না। আমরাও সতর্ক করেছিলাম; কিন্তু দেখছি-উল্টো। ঝামেলা তো করেই যাচ্ছে।”

ক্ষুব্ধ ও হতাশা নিয়ে এ কমিশনার আরো বলেন, মাঠ পর্যায় অনিয়মের যথাযথ চিত্র না পেলেও ইসির ব্যবস্থা নেবে কিভাবে? ভোটগ্রহণ কর্মকর্তারা ভয়ে থাকলে কিংবা অনিয়মের প্রকৃত চিত্র না পাঠালে আমরা কি করি! প্রশাসন সহায়তা না করলে স্বাধীন সংস্থা কাগজে-কলমে থাকে। এক্ষেত্রে সবার সহযোগিতাও দরকার।

নির্বাচন কমিশনার আরো বলেন, আজকে আমাদের কর্মকর্তা পর্যায়ে বৈঠকের সময় প্রায় সবাইকে কম-বেশি ক্ষুব্ধ মনে হয়েছে। এভাবে নির্বাচন হলে তো মানা যায় না।
এবার ছয় ধাপে ভোট হচ্ছে। ইতিমধ্যে ২২ মার্চ ও ৩১ মার্চ ভোট শেষ হয়েছে। ২৩ এপ্রিলের পর আরো তিন ধাপের ভোট বাকি রয়েছে।

ইসি কর্মকর্তারা, মানিকগঞ্জ, নোয়াখালী, শেরপুরসহ বেশ কিছু এলাকায় অনিয়মের কথা অকপটে স্বীকার করলেন। এতে ‘সুন্দর’ ভোটের আশায় ‘গুড়েবালি’ বলেও উল্লেখ করলেন তারা।

এআই