পিরোজপুরে মো. শেখ দেলোয়ার নামে এক এ্যাডভোকেটকে মৃত্যুর ছয় মাস পর এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ্যাডভোকেট শেখ দেলোয়ার পিরোজপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের অন্যতম সদস্য ছিলেন। দেলোয়ার পিরোজপুর পৌর এলাকার চিলা শেখ বাড়ির মৃত আমজাদ আলী শেখের ছেলে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (জিপি/পিপি) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক নিয়োগপত্রে পিরোজপুরের জিপি, পিপি ও এপিপিদের নিয়োগ দেয়া হয়। এ নিয়োগপত্রে ছয় মাস আগে মৃত পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট শেখ দেলোয়ার হোসেনকে এপিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপত্রে একজন পাবলিক প্রসিকিউটর (পিপি), একজন এডিশনাল পাবলিক প্রসিকিউটর, একজন পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) ও ১৪ জন এপিপিকে নিয়োগ দেয়া হয়। নিয়োগপত্রে এপিপি হিসেবে দেলোয়ার হোসেন শেখের নাম রয়েছে।

শেখ দেলোয়ারের ছোট ভাই শেখ মহিদুল ইসলাম জানান, ভাইয়ের ডায়াবেটিস বেড়ে যাওয়ায় কিডনীজনিত সমস্যা দেখা দেয়। কিডনী সমস্য নিয়ে ঢাকায় প্রায় ১ মাস চিকিৎসাধীন থাকার পর গত বছরের ৩ আগস্ট মারা যান তিনি।

পিরোজপুরের পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন জানান, এ্যাডভোকেট শেখ দেলোয়ারের মৃত্যুর প্রায় এক বছর আগে এপিপি হিসেবে নিয়োগের জন্য প্রস্তাব করে তার নাম আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী জানান, এপিপি হিসেবে নিয়োগ পাওয়া এ্যাডভোকেট মো. শেখ দেলোয়ারের মৃত্যুর খবর তার জানা নেই।

কেএইচ