ফরিদপুরে স্ত্রী ফরিদা বেগমকে হত্যার দায়ে স্বামী শহীদুল ইসলাম ফকিরকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি শহীদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

ফরিদপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) খসরুজ্জামান দুলু জানান, ২০০৯ সালের ২২ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দর গ্রামের শহীদুল ইসলাম ফকির পারিবারিক কলহের জেরে স্ত্রী ফরিদা বেগমকে শ্বাসরোধে হত্যা করে।

এ ব্যাপারে নিহতের ভাই শহীদ ঠাকুর বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় শহীদুল ইসলাম ফকিরসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অন্য তিন আসামি হলো, মন্নু খান, নিমাই কুমার দত্ত ও সুমন ফকির।

পিপি আরও জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত নিহত ফরিদার স্বামী শহীদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। মামলার অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।

কেএইচ