দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত ২দিন ধরে সেন্টমার্টিনে আটকে পড়া ৫ শতাধিক পর্যটককে ফিরিয়ে আনা হচ্ছে।

সোমবার দুপুর ১টায় দুটি জাহাজে করে তাদের টেকনাফ আনা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন  জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত ২ দিন ধরে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে সোমবার সকাল ৯টায় কেয়ারি বে ক্রুজ ও এলসিটি কুতুবদিয়া জাহাজ টেকনাফ থেকে সেন্টমার্টিনে রওনা দেয়। বেলা ১২টায় সেন্টমার্টিন গিয়ে পৌঁছে। পরে আটকে পড়া পর্যটকদের নিয়ে দুপুর ১টায় সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেয়।

তিনি আরও জানান, এখন যে আবহাওয়া বিরাজ করছে এটি যদি অব্যাহত থাকে তাহলে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। আর আবহাওয়া পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে পুনরায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে।

এদিকে সেন্টমার্টিন কোস্ট গার্ডের স্টেশন অফিসার কবীর জানান, আটকে পড়া পর্যটকদের খাবার খাওয়ানোর পর জাহাজে তুলে দেওয়া হয়েছে। জাহাজ দুটি দুপুর ১টায় টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছে। 

ঈদের পর টানা ৩টি জাহাজযোগে প্রতিদিন গড়ে ৩ হাজার পর্যটক সেন্টমাটিনে ভ্রমণে যান। এর মধ্যে অনেকেই দ্বীপে রাত যাপন করেন। ফলে উত্তাল সাগরে কারণে গত শনিবার থেকে কোনো জাহাজ দ্বীপে যায়নি। ফলে ওখানে আটকা পড়েন ৫ শতাধিক পর্যটক।

জেআই