ফেনীর ফুলগাজীর পশ্চিম বসন্তপুরে দাবিকৃত চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সরকার দলীয় লোকজন।

এসময় তাদের অস্ত্রের আঘাতে তাহমিনা আক্তার (২০), শামিমা আক্তার (২৩), শাহেনা আক্তার (৩০), সবুরা বেগম (৫৫), শহিদুল আলম (৩৫) ও দুইজন অন্তঃসত্ত্বাসহ ১৫ জন নারী-পুরুষ আহত হয়েছে।

আর লুট করা হয়েছে কমপক্ষে ২০ লাখ টাকার মালামল।

লুটপাটের পর পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করলেও মামলা গ্রহণে ফুলগাজী থানার ওসি মইন উদ্দিন আহমদ আপত্তি জানিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলার দরবার পুর ইউনিয়নের পশ্চিম বসন্তপুর গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের কাছে স্থানীয় সরকার দলীয় আবদুল হক (২৮), শেখ ফরিদ (৩০), আরিফুল ইসলাম(৩০), বাবু(৩০), মনসুর আহম্মদ (২৫), সাইফুল ইসলাম (২৩)সহ ৭/৮ জন সরকার দলীয় নেতাকর্মী ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

শহিদুল তাদেরকে কিছু টাকা দিয়ে নিরাপদে থাকার চেষ্টাকরে। সন্ত্রাসীরা টাকার জন্য চাপদিতে থাকে। আতঙ্ক ছড়াতে ৭ ডিসেম্বর বিকেলে সন্ত্রাসীরা ফুলগাজী থানার ওসি মইন উদ্দিন আহমদ ও এসআই মোঃ এয়াছিনের উপস্থিতিতে ফেনী পরশুরাম সড়কের গাইন বাড়ীর রাস্তার মাথায় প্রবাসী শহিদুল ইসলামের মার্কেটে হামলা করে।

শহিদুল ইসলাম (৩৮), মোঃ দুলাল মিয়া(৩৫), বিবি ফাতেমা (৪০), আবু তাহের (৪৮), সিরাজুল ইসলাম (৩৮) ও সবুরা বেগম (৫৫) আহত হয়। আহতরা মুন্সির হাট উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।

এতেও টাকা আদায় না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় মনসুরের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে পিস্তল, বন্দুক, কিরিচ ও রামদা নিয়ে তাদের উপর হামলা করে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে শহিদুল ইসলামকে অপহরন করার চেষ্টাকরে।

ব্যর্থ হয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর শেষে ২০ ভরি স্বর্ণ অলংকারসহ নগদ ২লাখ টাকা ও মুল্যবাস জিনিস পত্র লুট করে নিয়ে যায়।

সংবাদ পেয়ে ফুলগাজী থানার এএসআই গুপি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম ক্ষতিগ্রস্তদের বাড়িতে হাজির হয়।

পুলিশ আসার সংবাদে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে। পুলিশ ঘটনার স্থল ত্যাগের পর সন্ত্রাসীরা আবারো রাস্তায় এসে পাহারা দেয় আহতরা যাতে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে না পারে।

জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম রাতে হামলা লুটপাটের সংবাদ শুনে পুলিশ পাঠিয়ে আহতদেরকে ফেনী সদর হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা নেন।

এদিকে দিন-দুপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের বিষয়ে ফুলগাজী থানার ওসি মইন উদ্দিন আহমদ বলেন, এটি পুরনো ঘটনার রেশ। লুটপাটের বিষয় সঠিক নয়। মামলা হলে আসামি গ্রেফতারের চেষ্টা করা হবে।

এদিকে শুক্রবার দুপুরে প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে ফুলগাজী থানায় অভিযোগ দায়ের করেছেন।

ফুলগাজী উপজেলার দরবার পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলরাম মেম্বার ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্তদেরকে পুলিশের সহযোগিতায় চিকিৎসার ব্যবস্তা নেয়।

আওয়ামী লীগ সভাপতি ওমর মিয়া জানান, হামলা কারীরা সকলেই সরকারি দলের যুবলীগ ও ছাত্রলীগ সমর্থক।

এসএইচ