১৭ বছর পর পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলার ভিটাবাড়িয়া এলাকার বাদল সর্দার হত্যা মামলায় চারজনকে ফাঁসি এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঝালকাঠির আদালত।

ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান বুধবার বিকেলে আট আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

মামলায় এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন— শহীদ সিকদার, নিজাম সিকদার, দুলাল সিকদার ও বাদল সিকদার। তাদের মধ্যে নিজাম সিকদার পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— হারুন সিকদার, সালাম সর্দার ও মনু সিকদার। খালাসপ্রাপ্তরা হলেন— ফিরোজ সিকদার, জলিল সিকদার, মিন্টু সিকদার, গোপাল ও শেলি সিকদার।

মামলার বিবরণে প্রকাশ, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর রাতে আসামিরা ভিটাবাড়িয়া গ্রামের জালাল সর্দারের ছেলে বাদল সর্দারকে কুপিয়ে হত্যা করে।

ওই ঘটনায় নিহতের বাবা জালাল সর্দার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা দয়ের করেন।

মামলার বাদী পাঁচ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সরকার পক্ষে পিপি (পাবলিক প্রসিকিউটর) আবদুল মান্নান রসূল মামলাটি পরিচালনা করেন।

পিপি আবদুল মান্নান রসূল জানান, বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে মামলাটির বিচারের জন্য পিরোজপুর থেকে ২০০৩ সালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

জেআই