শিশু নির্যাতন মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়িতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করেছে আসামিপক্ষ। গত মঙ্গলবার গভীর রাতে রাজশাহীর পবায় চৌবাড়িয়া গ্রামের ইমরান আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ৫টি ছাগল, ২৫টি হাঁস ও মুরগি পুড়ে মারা গেছে বলে অভিযোগ করেছে বাড়ির মালিক ইমরান। পাশাপাশি তিনি নিজেও দ্গ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন।

ইমরান আলী জানান, ‘২০১৫ সালে তার শিশু পুত্র জাহিদ হাসানকে চুরির অপবাদ দিয়ে একই এলাকার রাকিব, নাসির, ফজলুসহ কয়েকজন নির্যাতন করেন। পরে ইমরান নিজে বাদি হয়ে ১৩ জনকে আসামি করে পবা থানায় একটি শিশু নির্যাতন মামলা দায়ের করেন যা বর্তমানে আদালতে বিচারাধীন। মামলাটি তুলে নিতে আসামীরা তাকে দীর্ঘদিন থেকে চাপসহ বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছিলো।’

ইমরান অভিযোগ করে বলেন, ‘ওই মামলা তুলে না নেওয়ায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে আসামিরা আমার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পরিবারকে হত্যার চেষ্টা করে। তবে আমরা প্রাণে বাঁচলেও পুড়ে গেছে বাড়ির ছাগল ও হাঁস-মুরগি। ঘটনাটি পবা থানা পুলিশকে জানানো হয়েছে।’

পবা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি মালিক ইমরান আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'


রাশেদুল/জেড