স্বজনদের চিন্তায় দিশেহারা কারো বাবা, কারো মা, কারো বা স্ত্রী। মাছ শিকার করতে যাওয়া এসব জেলে জীবিত ফিরে আসবে এমন প্রতীক্ষা তাদের। কিন্তু তারা ফিরে না আসায় কান্না আর আহাজারি চলছে মেঘনার তীরে।
সময় যত বাড়ছে ঠিক ততই যেন উৎকন্ঠা বেড়ে যাচ্ছে তাদের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিদের করুন পরিনতিতে শুধু জেলে পল্লিতেই নয়, চিন্তিত এলাকাবাসীসহ উপজেলার মানুষরা।
মেঘনায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘন্টানার ৩ দিনেও সন্ধ্যান না পওয়ায় এমন হতাশা আর উৎকণ্ঠা ভোলার তজুমদ্দিনের হতভাগ্য ৬ জেলে পরিবারের। জেলেরা ফিরে আসবেন এ চিন্তায় নদীর তীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বজনদের খুজে বেড়াচ্ছেন তাদের।
নিখোঁজ হওয়া জেলেরা হলেন, শরীফ মাঝি (৪০), হাসান (১৮), রাজিব (২৫), সিরাজ (১৭), আলাউদ্দিন (১৫) ও হৃদয় (১২)। এদের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজী কান্দি গ্রামে।
এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে ৬ জেলে নিয়ে মেঘনার সোনার চর সংলগ্ন এলাকায় জেলে ট্রলারটি ডুবে যায়। শুক্রবার দুপুরে অন্য জেলেরা দুর্ঘটনা কবলিত ট্রলাটি উদ্ধার করেছে, তবে কোন জেলেকে উদ্ধার করতে পারেনি। নিখোজ জেলেদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ড তৎপরতা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় জেলে ও নিখোঁজদের পরিবারের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শাজাহান মাঝির ট্রলার নিয়ে ৬ জেলে মেঘনায় মাছ শিকার করছিলেন। রাত ১০/১১টার দিকে হঠাৎ করেই নদীতে ঝড় হয়।
ওই ঝড়ের কবলে পড়ে জেলেদের ট্রলার উল্টে ৬ জেলে নিখোঁজ হন। শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব জেলের সন্ধ্যান মেলেনি। এদিকে, শুক্রবার দুপুরে স্থানীয় জেলেরা মেঘনার সোনার চর নামক এলাকায় দুর্ঘটনা কবলিত ট্রলারটি দেখতে পেয়ে উদ্ধার করে।
দুর্ঘটনা কবলিত ওই ট্রলারটিতে নিখোজ ৬ জেলে ছিলো বলে তারা নিশ্চিত হতে পেরেছে। স্থানীয় জেলেরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মেঘনা নদীতে প্রচন্ড বাতাস হয়েছে। ঝড় হয়েছে, তবে কি কারণে ট্রলারটি ডুবেছে তা বলা যাচ্ছেনা।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। শুক্রবার রাতভর অভিযান শেষে শনিবার সকালেও উদ্ধার কাজ শুরু করা হয়েছে, তবে এখনও কারো সন্ধ্যান মেলেনি।
তিনি বলেন, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে মনপুরাসহ অন্য থানাগুলোর সাহায্য চাওয়া হয়েছে। কোস্টগার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাওসার আলম (জি.পিএসসি-বিএন) জানান, জেলে ট্রলারটি ঝড়ে নাকি অন্য কোন কারনে ডুবেছে তা নিশ্চিত হওয়ায় যায়নি। তবে নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগাডর্র একটি টিম নদীতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, ট্রলার ডুবির ঘটনার অনেক সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধ্যান না পওয়ায় নিখোঁজদের পরিবারে আতংক আর উৎকন্ঠা বেড়ে যাচ্ছে। অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ছেন।
তাদের মেঘনার পাড়ে পাড়ে খুজে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা। তারা বেচে আছে নাকি মারা গেছে, তা নিয়ে চিন্তিত এসব পরিবার।
এসএইচ





