চাঁদাবাজির অভিযোগে মতিউজ্জামান হিরা (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের কমকর্তা-কর্মচারীরা।

হিরা সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনের ছেলে।

বুধবার দুপুর দেড়টার দিকে শহরের জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিরা দুপুরে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রবিউল হাসানের কাছে নগদ ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এসময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার ঘনিষ্ঠজন পরিচয় দেন।

এতে সন্দেহ হলে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এর আগেও একই পরিচয়ে ওই কর্মকর্তার কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছিলেন তিনি।
সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ