গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের উদ্দেশ্যে বলেছেন,আমি অত্যন্ত মর্মাহত, একটার পর একটা অগ্নিকাণ্ড আমাকে আর কতবার দেখতে হবে!

মানুষ কবে পাবে নিরাপদে জীবন যাপনের অধিকার? মহান আল্লাহ তায়ালা আপনাদের সহ্য করার তৌফিক দিক।

শনিবার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজধানীর মিরপুর-৭ নম্বর সেকশনের ঝিলপাড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

মিরপুরের অগ্নিকাণ্ডকে জায়গা দখলকারীদের ষড়যন্ত্র বলে মনে করেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করেন। তিনি অবিলম্বে সরকারসহ সকল সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশের নীচে অর্ধাহারে, অনাহারে, বস্ত্রহীন, আশ্রয়হীন অশ্রুশিক্ত নয়নে, ডেঙ্গু আক্রান্ত শহরে দিনাতিপাত করছে।

এসময় ড. রেজা কিবরিয়া বলেন, ড. কামাল হোসেন সব সময় বস্তিবাসীদের পাশে ছিলেন থাকবেন। গণফোরাম সভাপতি পরিষদ সদস্য মেজর জেনারেল অব. আমসাআ আমিনসহ একটি টীম আপনাদের খোঁজখবর নিবেন। প্রত্যেক মানুষের নিরাপদে বাঁচার অধিকার আছে।

দায়িত্বজ্ঞানহীন ও ক্ষমতা দখলকারীরা মানবতাবোধ নিয়ে এতখানি উদাসীন, একদিন জাতির মুখোমুখি হতে হবে। মানুষ নিরাপদে শান্তিতে থাকতে চায়, লুটপাট আর দখলদারিত্ব চায় না।

পরে ড. কামাল হোসেন সাংবাদিকদের আরও বলেন, সরকারের উচিত যাদের দায়িত্ব ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না তা খতিয়ে দেখা। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সরকারি উদ্যোগও নেওয়ার দাবি জানান।

এএস