আখের মূল্য বৃদ্ধির আগাম ঘোষণা না দিলে পাবনা সুগার মিলে কোন আখ সরবরাহ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন আখ চাষিরা।

বুধবার দুপুরে ঈশ্বরদীতে পাবনা সুগার মিল প্রাঙ্গনে আখচাষি কল্যাণ সমিতির আয়োজনে আখচাষি সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এরপর আখের মূল্য বৃদ্ধিসহ ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে বাংলাদেশ চিনি খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের

মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আখচাষি কল্যাণ সমিতি পাসুমি শাখার সভাপতি আলহাজ শাহজাহান আলী ওরফে পেঁপে বাদশা।

বক্তব্য দেন সাধারণ সম্পাদক রবিউল আলম মালিথা, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন সরদার, ক্যাশিয়ার আমজাদ হোসেন মালিথা, নির্বাহী সদস্য আবু কালাম সর্দার প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া মাড়াই মৌসুম শুরুর আগেই আখের মূল্য প্রতি মণ ১৫০ টাকা নির্ধারণ এবং আখ সরবরাহের সাতদিনের মধ্যে টাকা পরিশোধের নিশ্চয়তা প্রদান করতে হবে। তা না করা হলে পাবনা সুগার মিলে কোনো আখ সরবরাহ করা হবে না।

বক্তারা আরও বলেন, সুগার মিলে চাকরি প্রদানের ক্ষেত্রে আখচাষীর সন্তানদের বিভিন্ন পদে ৫০ ভাগ চাকরির কোটা নিশ্চিত করার জন্য আইনগত আলোচনার মাধ্যমে গেজেট পাশ করতে হবে। সদর দপ্তরে ও চিনিকল সমূহে ক্রয়-বিক্রয় কমিটি এবং রোডসেস ও শিক্ষাসেস কমিটিতে আখচাষিদের প্রতিনিধি রাখতে হবে। এছাড়া উন্মুক্ত পদ্ধতিতেও আখ কেনার দাবি জানান চাষিরা।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই